ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশনের ১৩তম এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৈঠকে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি জানায়, প্রস্তাবিত এই কমিশন সভার আলোচ্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রধান আলোচ্য হিসেবে স্থান পেয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সময় নির্ধারণ।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক গতিশীলতা ফেরাতে সেখানকার কর্মকর্তাদের ক্ষমতা অর্পণ ও বণ্টন নিয়েও বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।







