ভারতের রাজধানী দিল্লিতে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার বিষয়টি সামনে এল।
সূত্র জানায়, ১২ অক্টোবর দিল্লিতে বিমসটেকের সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা। পরদিন ১৩ অক্টোবর প্রথমবারের মতো সদস্যদেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে বসবেন। তবে ওই বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও যোগ দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের এই আঞ্চলিক জোটের সদস্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।







