মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংসের নেপথ্যে ‘বিএনপির দুই গ্রুপের দখল-দ্বন্দ্ব’

Post Image

নিম্ববিত্ত মানুষের টিকাগ্রহণসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসার স্থান ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। এরই মধ্যে, হঠাৎ হামলা চালিয়ে লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মুখোশ পরা ২০০ থেকে ২৫০ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র সেখানে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে রাতভর তাণ্ডব চালানো হয়েছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলাও দায়ের করেছেন তিনি। মামলার এজাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সদস্য হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় তিনটি গ্রুপ দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করার চেষ্টা করে আসছিল। একটি পক্ষ ১০ কাঠা জমি তাদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করছে। ওই পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন এলাকাছাড়া। এরপর স্থানীয় বিএনপির দুটি গ্রুপ জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে  আদালতে এ পক্ষগুলোর পাল্টাপাল্টি মামলা ও রিট রয়েছে। 

অবশেষে, গত বৃহস্পতিবার রাতে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি পক্ষ তা দখল করে নেয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এ পক্ষের নেতৃত্বে রয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। প্রয়াত এক কাউন্সিলরের স্ত্রী এবং বিএনপির প্রয়াত নেতা ও সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন।

স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তাদের অভিযোগ, হামলা ও ভাঙচুরের সময় পুলিশকে খবর দিয়েছিলেন তারা। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনাটি রক্ষা করতে পারেনি। পুরো ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

ভাঙচুরের পরের দিন দেখা যায়, মিরপুর ১ নম্বর–সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেট ও ফেয়ার প্লাজা মার্কেটের মাঝের অংশে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রটির মূল ফটকে তাল ঝুলছে। বাঁশ, খুঁটিসহ কিছু নির্মাণসামগ্রী পড়ে আছে। ফটকের ওপরে একটি সাইনবোর্ড। তাতে লেখা রয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে বরাদ্দ পাওয়া ও রেজিস্ট্রি মূলে এই প্লটের মালিক সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড। জমির পরিমাণ ১০ কাঠা।’ 

পাশের একটি গলি দিয়ে টিকাদান কেন্দ্রের পেছনের অংশে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি তিনটি পাকা ও আধা পাকা ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পলেস্তারা, বাঁশ, খুঁটিসহ নির্মাণসামগ্রী ভেঙে পড়ে আছে। ভবনের কক্ষগুলোর দরজা–জানালা খুলে ফেলা হয়েছে। কয়েকটি কক্ষে দরজা থাকলেও তাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কক্ষের ভেতরে থাকা আসবাবপত্র, ওষুধ, ভ্যাকসিন, ক্যাপসুল মেঝেতে পড়ে আছে। স্থাপনার এক কোনায় একটি বড় আমগাছ রয়েছে। তবে গাছের একাধিক ডাল কেটে ফেলে রাখা হয়েছে। উৎসুক লোকজন জড়ো হয়ে তা দেখছেন।

এ ঘটনার বর্ণনা দিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিরাপত্তারক্ষী জাকির হোসেন বলেন, “ আমি ১৯ বছর ধরে এখানে কাজ করছি। আমার মা-বাবা এখানে এনে আমাদের ভাইবোনদের টিকা দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতার পর মিরপুরের প্রথম টিকাদান কেন্দ্র এটি। সুইডিশ অর্থায়নের এটি পরিচালিত হতো। তারা চলে যাওয়ার পর এটি পরিচালনার জন্য বোর্ড হয়। আমার তিন সন্তানকে এখানে টিকা দিয়েছি। বুধবার আমার ৯ মাসের নাতি ইরহামকে এখানে টিকা দিই। টিকাদান ঘিরে রাড্ডার সঙ্গে আমার তিন প্রজন্মের সম্পর্ক। একই চিত্র এই এলাকার আরও অনেক বাসিন্দার। কীভাবে এমন একটি প্রতিষ্ঠান কেউ দখল করতে পারে।” এ কথা বলেই দীর্ঘশ্বাস ফেলেন তিনি। 

আরেক নিরাপত্তারক্ষী আবদুল হাই বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ লোক দেয়াল টপকে রাড্ডায় ঢুকে পড়ে। তারা এসে আমাদের দুজনকে বেঁধে মারধর শুরু করে। এরপর মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়। এক পর্যায়ে রাড্ডার দেয়ালের বাইরে বের করে দেয়। অনেক সময় পর কয়েকজন পুলিশ এসে ঘুরে গেলেও লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। হামলাকারীরা চারটি ট্রাক নিয়ে এসেছিল। ভবন থেকে লুট করা মালপত্র ট্রাকে করে নিয়ে যায়। ভবনের ভেতরে থাকা গাছ কেটে ফেলে তারা।”

এদিকে, গতকাল (শুক্রবার) থেকে স্থানীয় বাসিন্দাদের অনেকে রাড্ডার সামনে এসে দখল ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে, দখল-লুটপাটের প্রতিবাদে এদিনই বিকেল সাড়ে ৪টার দিকে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় অনেক বাসিন্দাও এতে যোগ দেন। টিকাদান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নজিরবিহীন তাণ্ডবের পর গতকাল বিকেল পর্যন্ত পুলিশের কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। 

‎‎মানববন্ধনে অংশ নিয়ে রাড্ডা কমিউনিটি হেলথ প্রোগ্রামের পরিচালক ইকবাল জিল্লুল মজিদ বলেন, “জেনেভা ও রোম কনভেনশন অনুযায়ী, কোনো ধরনের হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে কেউ সন্ত্রাসী আক্রমণ করলে, সেটা যুদ্ধাপরাধ হয়। ৫১ বছর ধরে রাড্ডা এই এলাকার মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।”

হামলার বিষয়ে অভিযোগ জানিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, “জায়গাটি ছিল গৃহায়ন কর্তৃপক্ষের। তারা এটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। এই জায়গার ওপর টিকা ও স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম চালাতে রাড্ডাকে অনাপত্তিপত্র দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেভাবে কয়েক দশক করে রাড্ডা জমিটি ব্যবহার করছে। স্থায়ীভাবে জমিটি পাওয়ার জন্য রাড্ডার পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছিল। সেটি এখনও নিষ্পত্তি হয়নি।”

তিনি আরও বলেন, “এভাবে হামলা ও লুটপাট হতে পারে— এটা কল্পনাও করা যায় না। প্রতিদিন গড়ে এই কেন্দ্রে চারশ শিশু ও মাকে সেবা দেওয়া হয়। লুটপাটের কারণে অনেক শিশুর টিকার নথি হারিয়ে গেছে। কম্পিউটার ভেঙে ফেলা ও নথিপত্র তছনছ করায় এসব শিশুর নথি পাওয়া কঠিন হবে।” 

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, “দলের মধ্যে গ্রুপিংয়ের কারণে হয়তো এ ঘটনায় আমার নামটা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়াতে পারে। যেহেতু এখন মামলা হয়েছে, আইনগতভাবেই ব্যবস্থা হোক। সমমনা দোকানদার সমবায় সমিতির সঙ্গে আমি যুক্ত আছি। তবে এখন তারা যে সংগঠনের নেতৃত্বে সেটি জানি না।”

মামলার আসামি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হানিফ মিয়া বলেন, “গত বৃহস্পতিবার রাতে আমাকে কয়েকজন ফোন দিয়েছে। কিন্তু আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। সকালে গিয়ে দেখি এই অবস্থা। আমার লোকজন গিয়ে ভেঙেছে, এটা মিথ্যা, বানোয়াট কথা। আমার সঙ্গে এত লোক নেই। সামনে নির্বাচন করব। তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মামলায় জড়াতে পারে। বিষয়টি সঠিকভাবে তদন্ত হোক।”

মামলা: 

হামলা-লুটপাটের ঘটনায় গতকাল শাহ আলী থানায় মামলা করেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। মামলার এজাহারে হানিফ মিয়া নামে একজনের উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০-২৫০ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ হানিফ মিয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য।

মামলার এজাহারে বলা হয়, ‘হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), তিনটি স্টিলের আলমারি, সিসিটিভি ক্যামেরা, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির বিদ্যুতের তার ও সিলিং ফ্যানও লুট হয়েছে।’

যা বলছে পুলিশ:

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “মধ্যরাতে মালপত্র সরিয়ে নেওয়া ও ভাঙচুরের কথা জানার পরই বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছিল। সঙ্গে সঙ্গে শাহ আলী থানার ওসিকে ফোন করি। ওসি বলছিলেন, একটি পক্ষ তাদের কাছে ওই জমির মালিকানার কাগজপত্র রয়েছে বলে দাবি করছে। ওসি ফোনে আমাকে একজনকে ধরিয়ে দেন। ওই ব্যক্তিকে তখন বলেছি, কাগজপত্র থাকলে যথাযথ মাধ্যমে সেটি যেন পুলিশকে অবগত করে। ওই মূহূর্ত থেকে যেন প্রতিষ্ঠানটি থেকে তারা চলে যায়।”

তিনি আরও বলেন, “রাতের আঁধারে যারা দখল ও ভাঙচুর করেছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেব। মামলা হয়েছে। এখন তদন্ত চলবে। এই ঘটনায় কেউ ছাড় পাবে না। ন্যায্যতা আমরা নিশ্চিত করব।”

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “৯৯৯ থেকে কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের নাম বৃহস্পতিবার রাতে আমি প্রথম শুনেছি। দখল ও লুটপাটে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযানে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। খুব অল্প সময়ের মধ্যে ভালো খবর দেব।”

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর সড়কে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সেন্টারের মূল ফটকের বাইরে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার পেতে শুরু হয় হাম টিকাদান কর্মসূচি। এতে টিকা নিতে আসা শিশু ও তাদের মায়েদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও ভোগান্তিতে পড়তে হয়।

সেন্টারটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, “তাদের দলে চারজন চিকিৎসক এবং নার্স, প্যারামেডিকসহ প্রায় ১৫ জন স্বাস্থ্যকর্মী আছেন। তারা টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে অন্যান্য চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়েছে। কিছু রোগীকে শুধু প্রেসক্রিপশন দেওয়া সম্ভব হচ্ছে; স্বাভাবিকভাবে পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ দেওয়া যাচ্ছে না।”

যা বলছেন সিটি কর্পোরেশন প্রশাসক:

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “এ ধরনের ঘটনা সরকার চায় না।” তিনি জানান, ঘটনায় যে-ই জড়িত থাকুক, তাকে দ্রুত গ্রেপ্তার করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এসময় প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে তিনি গতকাল সেখানে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। তবে রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলেছেন। পুলিশ তাকে জানিয়েছে, ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। বিভিন্ন ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জায়গাটি নিয়ে কোনো সমিতি ও এমসিএইচ-এফপি সেন্টারের মধ্যে আইনি বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে বলেও জানান তিনি। তার ভাষ্য, ‘জায়গা বা স্থাপনা নিয়ে কোনো সমস্যা থাকলে সেটি আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে।’

যা বলছেন স্বাস্থ্যমন্ত্রী:

কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠের একই কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করে দুঃখ প্রকাশ করেন।

৫০ বছর ধরে স্বাস্থ্যসেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। তৎকালীন সুইডিশ সেভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠান রাড্ডা বার্নেনের উদ্যোগে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা এবং কমিউনিটি স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করে।

কেন্দ্রটির তিনটি স্থায়ী ক্লিনিকে রোগীদের প্রয়োজন অনুযায়ী প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজিসহ বিভিন্ন পরীক্ষার সুবিধাও রয়েছে। মিরপুর ১০ এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কেন্দ্র হলেও মিরপুর ১, বাউনিয়াবাদ, উত্তরা, ভাসানটেক বস্তি ও পুরান ঢাকায় প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম বিস্তৃত রয়েছে।

বিশিষ্ট শিল্পপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, এশিয়ার নোবেল হিসেবে খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশি নারী ও সমাজকর্মী তাহরুন্নেসা আবদুল্লাহ কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন।

এ ছাড়া সাবেক আমলা আবদুল মুয়ীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম কাশেম, এ কে আজাদ এবং সাবেক সচিব আবদুল করিম ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে আছেন। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব কাজী ফজলুর রহমান, প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী, প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে ছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো ও সমকাল।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিরপুরের পর এবার মোহাম্মদপুরে ভাঙচুর-লুটপাট করে জমি দখলের চেষ্টা

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংসের নেপথ্যে ‘বিএনপির দুই গ্রুপের দখল-দ্বন্দ্ব’

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

রংপুরে ছেলের হাতে বাবা খুন

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিপ: মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

ফের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ২৯ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

অভয়নগরের বাঘুটিয়ায় দাড়িপাল্লার পথসভায় জনতার ঢল

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

চাঁদপুরে পার্কিংয়ে থাকা তিন বাসে আগুন

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখে নিন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়,বিপাকে সাধারণ মানুষ