রাজধানীর গুলশানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে সাইফ ইমরান গুলশানে পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্ক করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে মোটরসাইকেল রাখতে নিষেধ করলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ডিজিএফআইয়ের গাড়িগুলো সাধারণত ওই স্থানেই পার্ক করা হয়।
পরে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তিনি পুনরায় একই স্থানে মোটরসাইকেল পার্ক করতে এলে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এ সময় তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন।
এরপর ভুয়া পরিচয় দিয়ে প্রকৃত পরিচয় গোপন করার অভিযোগে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
ডিএমপি জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।







