ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, শহীদ ওসমান হাদির কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক দৃঢ় প্রত্যয়, সংগ্রামের আহ্বান এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত শহীদ শরীফ ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’-য় প্রকাশিত বাণীতে এস এম ফরহাদ এ কথা বলেন।
বাণীতে তিনি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদির বক্তৃতায় বারবার উঠে এসেছে অন্যায়, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা এবং জুলাইয়ের সাংস্কৃতিক বয়ান নির্মাণের অঙ্গীকার। তিনি বলেছিলেন, আমাদের জীবন ধারণ করে আর একটুখানি যদি আমরা লড়াই করতে পারি, তবে এই আধিপত্যবাদী দিল্লির কবর আমরা রচনা করব, ইনশাআল্লাহ। শহীদ আবরারের হত্যার পর আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে যে প্রতিবাদের প্রতিধ্বনি দিল্লি পর্যন্ত পৌঁছেছিল, শহীদদের রক্তের পথ পেরিয়ে সেই লড়াইকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেছিলেন।
এস এম ফরহাদ বলেন, শহীদ ওসমান হাদি সব ছাত্র ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত অবস্থানের মধ্য দিয়ে তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ ওসমান হাদির এই বক্তৃতা সংকলন তার চিন্তা, সংগ্রাম ও প্রত্যয়ের সাক্ষ্য বহন করে। তার কণ্ঠে উচ্চারিত কথাগুলো আজও আমাদের লড়াই করার সাহস জোগায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রত্যয় জাগায় এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে দৃঢ় করে।







