শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড় ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম-ওলামার সঙ্গে খুব গুরুত্ব দিয়ে দেখা করতেন এবং দোয়া চাইতেন বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আলেম, লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ।
রোববার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এ দেশের কিংবদন্তিতুল্য বেশ কয়েকজন আলেম-মনীষীর জীবনের ওপর স্মারকগ্রন্থ নিয়ে কাজ করার সুবাদে মরহুম জিয়াউর রহমান সম্পর্কে একটি বর্ণনা একাধিকবার পেয়েছি। তিনি ঢাকার বাইরে বিভিন্ন জেলায়-থানায় কিংবা গ্রামে যখন যেতেন, সেখানকার বড় ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম-ওলামার সঙ্গে খুব গুরুত্ব দিয়ে দেখা করতেন এবং দোয়া চাইতেন।’
মাওলানা শরীফ মুহাম্মদ আরও বলেন, ‘অনেক সময় সৌজন্য করে হলেও বলতেন, আমাকে কিছু পরামর্শ দিন, আমাকে কিছু বলুন। এটা তার একটা অনুসরণীয় গুণ-বৈশিষ্ট্য ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই মোলাকাতের ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারেন, নিশ্চয়ই কল্যাণের উপলক্ষ হবে, ইনশাআল্লাহ।’







