হবিগঞ্জের নবীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক তানজিনা রহমান তানিন উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া দুই নেতা হলেন আউশকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকিদ ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রুপ। তারা দুজনই রুদ্রপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল আব্দুল হান্নান নামে এক ব্যক্তি আদালতে মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় গত ২ এপ্রিল অভিযুক্ত দুই ভাই তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং পরে হুমকি দেন।
মামলার পর পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। বাদীপক্ষের আইনজীবীর দাবি, তদন্ত প্রতিবেদনে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
রোববার দুই আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।







