সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের হতে পারেন না, তারা সমাজের দর্পণ। নানা প্রতিকূলতা উপেক্ষা করে সংবাদ সংগ্রহের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের খবর মানুষের কাছে পৌঁছে দেন। তাদের লেখনীর মাধ্যমেই সমাজের অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে উঠে আসে বলে মন্তব্য করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবুল হোসেন খান বলেন, ‘আমি শুধু সংসদ সদস্য নই, আমি আপনাদেরই একজন। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’
তিনি বলেন, বাকেরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, যুক্তরাষ্ট্রপ্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি উত্তম কুমার দাস, দৈনিক ইত্তেফাকের গোলাম মোস্তফা, দৈনিক দক্ষিণের কাগজ-এর সম্পাদক মো. হাবিবুর রহমান, আনন্দ টিভির বায়জিদ বাপ্পী, মাই টিভির মিজানুর রহমান, মোহনা টিভির সাখাওয়াত হোসেন, বিজয় টিভির জিউল হক আকন, দৈনিক যায়যায়দিনের গোলাম মোস্তফা তুহিন, দৈনিক ইনকিলাবের জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।







