লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত ওই নেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে আসে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সিগারেটে গাঁজা ভরছেন। পরে তাকে ইয়াবা সেবন করতেও দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পেশায় তিনি একজন চা-দোকানি।
এ বিষয়ে বক্তব্য জানতে মিরন জমাদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন জানিয়েছেন, ঘটনাটি আওয়ামী লীগ সরকারের আমলের। তখন তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছিলেন। রাজনৈতিক কোন্দলের জেরেই পুরোনো ভিডিওটি এখন সামনে আনা হয়েছে।
তিনি আরও বলেন, মিরন দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহযোগিতা করেছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি মাদক সেবন করেন না। ভিডিওটি পুরোনো এবং এখন তিনি মাদকের বিরুদ্ধে কাজ করছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। ভিডিওটি আমার নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজও অভিযান পরিচালনা করা হয়েছে।







