বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বর্তমান বিশ্বে প্রচলিত সকল বস্তুবাদী মতাদর্শ মানুষের মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, 'পৃথিবীর প্রতিটি প্রান্তে বস্তুবাদী চিন্তা ও দর্শনের পতন ঘটেছে। ইসলাম একমাত্র তার পূর্ণাঙ্গ গৌরবে টিকে আছে। আমাদের সবার এই গৌরবময় অধ্যায়ের সাথে নিজেকে জড়িয়ে নেওয়া উচিত, যা আমাদের একমাত্র মুক্তির পথ।'
গত শুক্রবার (৮ মে) রাজধানীর সী শেল রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত 'আগামীর উত্তর, সম্ভাবনার প্রজন্ম' শীর্ষক দিনব্যাপী স্থানীয় শিক্ষার্থী বনভোজন ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সাইমের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, এই ঢাকাকে বসবাস উপযোগী করতে হবে। এখানে স্থানীয় ছাত্র-শিক্ষক ও অভিভাবক এগিয়ে আসলে সেবার মাধ্যমে একটি উন্নত নগরায়ণ সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রকল্যান সম্পাদক রেজাউল করিম শাকিলসহ ঢাকার বিভিন্ন স্থানীয় কাউন্সিলর প্রার্থী ও দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রজন্মকে জ্ঞান, আদর্শ ও দক্ষতায় গড়ে তুলতে পারলে একটি সম্ভাবনাময় জাতি বিনির্মাণ করা সম্ভব।
ঢাকার স্থানীয় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের পরিচিতি পর্ব ও মতবিনিময়, বিভিন্ন বিনোদনমূলক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।







