হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর এক কমান্ডার জানিয়েছেন, কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলসীমায় এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইরানের সামরিক বাহিনীর হাতে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কমান্ডার বলেন, মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। তারা সীমার মধ্যে প্রবেশ করলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি দাবি করেন, ইরানের সামরিক তৎপরতা ও মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।
ইরানি ওই কমান্ডার আরও বলেন, হরমুজ প্রণালির পূর্বাংশ এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্রপথ। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে হয়ে থাকে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল।
ভৌগোলিকভাবে এর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল হওয়ায় এটি সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ।
বিশেষজ্ঞদের মতে, এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে এবং তা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। (সূত্র আল জাজিরা)







