ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও বলেছেন, যারা যুদ্ধ ও সহিংসতায় জড়িয়ে পড়ে, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না। রোববার (২৯ মার্চ) খ্রিস্টানদের পবিত্র দিবস পাম সানডে উপলক্ষে উপাসনা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দায়িত্ব নেওয়া পোপ চতুর্দশ লিও শুরু থেকেই যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সরব অবস্থান নিয়েছেন। তিনি এর আগে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসনের সমালোচনা করে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের নিন্দা জানান।
অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেন, মধ্যপ্রাচ্যের খ্রিস্টানরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। অনেক ক্ষেত্রেই তারা পবিত্র দিনগুলোর ধর্মীয় আনুষ্ঠানিকতা ঠিকভাবে পালন করতে পারছেন না। তিনি বলেন, “আমরা এমন এক সৃষ্টিকর্তার কথা বলছি, যিনি যুদ্ধের বিরোধী। যারা যুদ্ধ শুরু করে, তাদের প্রার্থনায় তিনি সাড়া দেন না।”
চলতি সপ্তাহের শুরুতে তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। তার মতে, চলমান সংঘাতের কারণে ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বানও জানান।
তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ নিয়ে তিনি সতর্ক অবস্থান বজায় রেখে কোনো দেশের নাম উল্লেখ করেননি; বরং সামগ্রিকভাবে যুদ্ধের নিন্দা জানিয়ে শান্তির আহ্বান জানিয়েছেন।







