জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করে কোনো নির্বাচনে অংশ নেওয়া কিংবা এমন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ছিল জুলাই অভ্যুত্থানের বিরোধী শক্তি। এসব শক্তিকে পরাজিত করেই আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চ আয়েজিত ‘বাংলাদেশ সুরক্ষা সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরিফুল ইসলাম তালুকদার বলেন, ২০২৪ সালে যে রাজনৈতিক শক্তিকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই শক্তির সহযোগী কোনো দলের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একই নির্বাচনে অংশ নিতে পারে না। এমন নজির স্থাপন করা হলে তা হবে নগ্ন বিশ্বাসঘাতকতা।
তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে একটি কথিত সেটআপের মাধ্যমে উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে। জনগণের আন্দোলনকে পাশ কাটিয়ে ক্ষমতা ভাগাভাগির চেষ্টা চলছে। আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জুলাই মঞ্চের আহ্বায়ক বলেন, যারা জীবন বাজি রেখে এই আন্দোলনে নেমেছেন, তারা আর কোনো কিছুর পরোয়া করেন না। জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন করে আবার বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তা জীবিত থাকতে সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।







