শূরা অধিবেশনে রাষ্ট্র সংস্কারে ৬ পদক্ষেপ নিল জামায়াত

Post Image

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন, স্বাস্থ্যসেবা খাতের সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়নে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এসব দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতে মজলিসে শূরার প্রস্তাবে বলা হয়েছে, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোট একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের মৌলিক রূপরেখা। কিন্তু গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ কমিটি গঠন জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। 

এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা খাতের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির মজলিসে শূরা বলেছে, হাম ও ডেঙ্গুতে চলতি বছরে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়, গত মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে হাম ও হাম-উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫২৬ জন।

হামের বিস্তার রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ, প্রান্তিক পর্যায় পর্যন্ত টিকাদান নিশ্চিত করা, নিয়মিত গবেষণা এবং আক্রান্তদের জন্য হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছে দলটি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে উল্লেখ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বাজার সিন্ডিকেট ও মাফিয়া চক্র ভাঙতে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকি জোরদারের কথা বলা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানো এবং উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

আসন্ন মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে আগাম কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক রাখতে শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা।

প্রস্তাবে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার, বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করা এবং বিচারব্যবস্থাকে নিরপেক্ষ, দ্রুত ও কার্যকর করারও দাবি জানানো হয়েছে।

এ ছাড়া জুলাই গণহত্যা এবং জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও অবৈধ পুশইন বন্ধে সরকারের দৃঢ় অবস্থান গ্রহণ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানের দাবি জানানো হয়। পাশাপাশি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছে দলটি।

প্রস্তাবে বলা হয়েছে, রাষ্ট্রের সব পর্যায়ে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও কর্মদক্ষতাকে প্রধান মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

এ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনআস্থা নিশ্চিত করতে শক্তিশালী, স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মজলিসে শূরা।

প্রস্তাবে মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব জোরদার, নির্যাতিত মানুষের পক্ষে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা এবং ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ইরান ও ইয়েমেনে যুদ্ধ, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়েছে। ফিলিস্তিনিদের নিজভূমিতে অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মজলিসে শূরার অধিবেশনে এসব প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃত্ব ও সচেতন নাগরিকদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শূরা অধিবেশনে রাষ্ট্র সংস্কারে ৬ পদক্ষেপ নিল জামায়াত

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দাবি জামায়াতের

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টিটন হত্যায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি লঙ্ঘন’ করায় এনডিএফ থেকে অব্যাহতি

‘বিরোধী দলের সঙ্গে শুধু ক্ষমতা টেকানোর স্বার্থ নিয়েই নয়, জনগণের স্বার্থ নিয়েও আলাপ কইরেন’

সর্বাধিক পঠিত

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নারীর ইজ্জতের বিনিময়ে কোনো ফ্যামিলি কার্ড নয়: ডা. শফিকুর রহমান

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না: জামায়াত আমির