ঢাকা-১৪ (মিরপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মীর আহমদ বিন কাসেম আরমানের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারীর ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। আমরা নারীদের হাতে ভিক্ষার ঝুলি নয়, বরং তাঁদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে চাই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১ নম্বর ওয়াক-আপ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় জামায়াত আমির তাঁর দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যাঁরা দেশকে বিভক্ত করতে চায়, তাঁরা কখনোই জাতির বন্ধু হতে পারে না। আমরা ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে নয় যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন রিকশাচালকের সন্তানও মেধা ও যোগ্যতা থাকলে দেশের প্রধানমন্ত্রী হতে পারবে।’
নারীদের ভূমিকা নিয়ে প্রচলিত সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। অথচ আজকের এই সমাবেশেই মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। মায়েরা সন্তান কোলে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছেন একটি নিরাপদ বাংলাদেশের জন্য।’
তিনি আরও বলেন, ‘আধুনিক পোশাক পরিহিত বোনেরাও জামায়াতকে সমর্থন করছেন, কারণ তাঁরা জানেন জামায়াতের হাতেই নারী জাতি সবচেয়ে বেশি নিরাপদ ও সম্মানিত থাকবে।’
বেকারত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা যুবকদের হাতে বেকার ভাতা বা ভিক্ষার ঝুলি তুলে দিতে চাই না। আমরা তাঁদের হাতে কাজ তুলে দিতে চাই, যেন তাঁরা গর্ব করে বলতে পারেন—“আমিই বাংলাদেশ।” আমাদের দলে কেউ চাঁদাবাজি করে না, আর আগামীর বাংলাদেশেও কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘রাষ্ট্রের কোনো প্রাণীও যদি না খেয়ে মারা যায়, তবে তার দায় শাসককে নিতে হবে। আমরা সেই জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি আগামী ১২ তারিখ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।







