হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দাবি জামায়াতের

Post Image

গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে। এটি রাষ্ট্রের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য অশনিসংকেত। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বিচার দ্রুততার ভিত্তিতে করার দাবিতে জোর দিয়েছে দলটি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এসব প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তাবগুলো জানানো হয়।

অধিবেশনে দেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্যসেবা খাতের সংকট, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, প্রবাসীদের সমস্যা এবং আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে ছয়টি বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়।

জামায়াতের প্রস্তাবে বলা হয়, সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোট একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মৌলিক রূপরেখা। এ রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্বাস্থ্যসেবা খাতের বিপর্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। প্রস্তাবে বলা হয়, চলতি বছরে হাম ও ডেঙ্গুতে শিশু থেকে বয়স্ক অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। গত মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে প্রাণ গেছে ৫২৬ জনের। এ পরিস্থিতি মোকাবিলায় হামের বিস্তার রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রান্তিক পর্যায়ে টিকাদান এবং আক্রান্তদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙার বিষয়েও একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত। দলটির মতে, জ্বালানি, ভোজ্যতেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের পণ্যমূল্য বাড়ানো ঠেকানোর আহ্বান জানানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই গণহত্যা ও শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিও উঠে এসেছে শূরার প্রস্তাবে। জামায়াত বলেছে, দেশে হত্যাকাণ্ড, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। অপরাধীদের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করা এবং নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের দাবি জানানো হয়। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও অবৈধ পুশইন ঠেকাতে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় দলীয়করণ বন্ধের বিষয়েও গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় মজলিসে শূরা। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পরিচালনা এবং নিয়োগ, পদোন্নতি ও পদায়নে মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রধান মানদণ্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ, ইরান ও ইয়েমেনে যুদ্ধ এবং বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছে জামায়াত। পাশাপাশি মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার, ওআইসি ও আরব লীগের কূটনৈতিক উদ্যোগ বাড়ানো এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শূরা অধিবেশনে রাষ্ট্র সংস্কারে ৬ পদক্ষেপ নিল জামায়াত

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দাবি জামায়াতের

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টিটন হত্যায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি লঙ্ঘন’ করায় এনডিএফ থেকে অব্যাহতি

‘বিরোধী দলের সঙ্গে শুধু ক্ষমতা টেকানোর স্বার্থ নিয়েই নয়, জনগণের স্বার্থ নিয়েও আলাপ কইরেন’

সর্বাধিক পঠিত

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নারীর ইজ্জতের বিনিময়ে কোনো ফ্যামিলি কার্ড নয়: ডা. শফিকুর রহমান

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না: জামায়াত আমির