জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে—কাউকে মারেনি

Post Image

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান বলেছেন, আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না। জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে। গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে, কাউকে মারেনি। তবে আমি মনে করি, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। কোনো দলকেই সারাজীবনের জন্য ঘৃণা করে রাখা উচিত নয়। কোনো দলের কেউ অপরাধ করলে তার শাস্তি হবে সঠিক বিচারের মাধ্যমে। আমি আবারও বলছি, সঠিক বিচারের মাধ্যমে। তাদের শাস্তি হোক, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যার ৩০ শতাংশের বেশি সমর্থন রয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার প্রধান ভূমিকা ছিল, সেই দলটিকে বন্ধ করে রাখা খুব একটা সমীচীন বলে মনে হয় না।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা, দলটির রাজনৈতিক ভবিষ্যৎ, দেশে আইনের শাসন ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। পাশাপাশি জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐক্য এবং এর সম্ভাব্য প্রভাব নিয়েও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনি যত দিন একটি দলকে বন্ধ করে রাখবেন, বিষয়টি অনেকটা নদীতে বাঁধ দেওয়ার মতো হবে। নদীর স্রোত আটকে দিলে একসময় পানি অন্য দিক দিয়ে উপচে পড়বে। যেদিন সেই বাঁধ ভেঙে যাবে, সেদিন লোহার বাঁধ দিয়েও সেই স্রোত থামাতে পারবেন না। বালির বাঁধ ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সুতরাং যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, শেষ পর্যন্ত তারাই বরং সেই স্রোতের মুখে পড়তে পারেন। নিষিদ্ধ করার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা থাকতে হবে। অন্তত আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে ব্যাখ্যা থাকতে হবে, কেন আমরা দলটিকে নিষিদ্ধ করছি। নাকি আজীবনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে?

এমপি ফজলুর রহমান বলেন, আজীবনের জন্য কোনো দলকে নিষিদ্ধ করার চেয়ে জনগণের ওপর সিদ্ধান্তটি ছেড়ে দেওয়া উচিত। যেমন মুসলিম লীগ এখনো আছে। কিন্তু জনগণ তাদের ভোট দেয় না। মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায়ও ছিল। অথচ এখন নির্বাচনে দলটি কোনো আসনেই জামানত রক্ষা করতে পারে না। জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকেও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, জামায়াত একসময় বিএনপিকে ধাক্কা দেবেই, এটা আমি চেয়ে চেয়ে দেখছি। সংসদে বসে যখন দুই ভাইয়ের মতো তারা আনন্দে মাতোয়ারা হয়, তখন আমি তাকিয়ে থাকি। দেখা যাক, জামায়াত বিএনপিকে কত দিন সহযোগিতা করে। এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের এবং প্রগতিশীল রাজনীতির কথা বলা দলগুলোও ঠিকমতো রাজনীতি করতে পারছে না। কমিউনিস্ট পার্টি রাজনীতি করতে পারছে না, বাসদ, জাসদ কিংবা রব সাহেবদের দলও ঠিকমতো রাজনীতি করতে পারছে না। জাতীয় পার্টিও রাজনীতি করতে পারছে না। রাজনীতি করছে মূলত একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপি। অন্য দলগুলো কোথায়?

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, এমনকি জাসদ, বাসদ ও কমিউনিস্ট পার্টি যদি রাজপথে মিছিল করতে পারত, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে সরকারেরও সুবিধা হতো। জামায়াত ও এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও পাল্টা অবস্থান থাকত। কিন্তু আমাকে অনেকে বলেছেন, কমিউনিস্ট পার্টি, জাসদ ও বাসদকে সাত দিন গিয়ে বাপ ডাকলেও নাকি মিটিংয়ের অনুমতি দেওয়া হয় না। মিছিল করতে গেলে বোমা ফোটানো হয়। জাসদের লোকজন এলে তাদের ওপর হামলা করা হয়। তৌহিদি জনতার নামে বিভিন্ন গোষ্ঠী অফিস ভাঙচুর করতে আসে। সংবিধান নিয়ে আলোচনা করতে গেলেও কাউকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাহলে এ দেশের রাজনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

‘আমি আবারও বলছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার প্রধান ভূমিকা ছিল, সেই দলটিকে বন্ধ করে রাখা খুব একটা সমীচীন নয়। একটি দল নিষিদ্ধ কি না, সেটি বড় কথা নয়। নিষিদ্ধ দল কী করছে, না করছে, সেটা সরকার আইন অনুযায়ী দমন করবে। কিন্তু ছাত্রদল, যুবদল, জামায়াত কিংবা এনসিপির নামে কেউ যদি কারও বাড়িতে আগুন দেয়, তারা তো নিষিদ্ধ নয়। তারা তো দেশের আইন মানতে বাধ্য। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? তাদের কেন বিরত করা হচ্ছে না? কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তারা কারা?

আমি তো তাদের ইতিহাস দেখেছি। তাদের জন্মের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। রাজনৈতিক ইতিহাসও সমৃদ্ধ নয়, অর্থনৈতিক ইতিহাসও সমৃদ্ধ নয়। অনেককে দেখা যায়, এলাকায় আগে টাউট-বাটপার ছিল, গরু চুরির মামলাও ছিল; এখন এসে নেতা হয়ে গেছে। এসব বিষয়েও তো খোঁজ নেওয়া দরকার। তারা যদি মনে করে, একজনের গায়ে হাত দিতে পারলেই সরকার খুশি হবে, তাহলে সরকারেরও এই দায়িত্ব নিতে হবে। এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তা না হলে আইনের শাসন কোথায়?’

তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে আমরা শুধু শুনছি, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে। হত্যাকাণ্ড কিংবা বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড অবশ্যই নিন্দনীয়। আমরা নিঃসন্দেহে এসব সমর্থন করতে পারি না। কিন্তু আপনি নিজেই বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ। তাহলে তারা আইনের বাইরে গিয়ে বেআইনি কাজ করলে সরকার ব্যবস্থা নেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে সরকার কেন সহনশীল আচরণ করছে? সরকারের দৃঢ়তা আসলে কোথায়? সরকার কি একচোখা আইন প্রয়োগ করছে? অন্য কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে, কিন্তু নিজের দলের লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা আইনের ঊর্ধ্বে থাকবে?

‘আমি আবারও বলছি, যারা নিষিদ্ধ, তারা কী করছে, সেটা সরকার কঠোর হাতে দমন করবে। কিন্তু যারা নিষিদ্ধ নয়, তারা তো সংবিধান ও আইনের পক্ষে কাজ করতে বাধ্য। তারা যদি আইন ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধেও সরকারের একই ধরনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তো সবাই সমান হয়ে গেল। হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নয়তো আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।’

শেষে তিনি বলেন, ‘আমার সঙ্গে এর আগে একটি আলোচনায় আপনি নিজেই মন্তব্য করেছিলেন, জামায়াত ঢাকা শহর দখল করে নিচ্ছে, আর বিএনপি ঘুমাচ্ছে কেন? আপনি অবাক হয়েছিলেন, যেভাবে একের পর এক জামায়াত ঢাকা শহর দখল করে নিচ্ছে, তাতে বিএনপির ঘুম আসে কীভাবে! অথচ সেই জামায়াতের সঙ্গেই বিএনপি আবার নতুন করে ঐক্য করল। সেই ঐক্যের ঘোষণা দেওয়া হলো আওয়ামী লীগকে ঠেকানোর নামে। এর মধ্যে বিএনপি আসলেই লাভবান হবে, নাকি আরও বড় বিপদের মুখে পড়তে যাচ্ছে?


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চট্রগ্রামে দলত্যাগের জেরে হত্যা, যুবদল নেতার ভাগনেসহ গ্রেফতার ৩

আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন নয়, সন্ত্রাসী গোষ্ঠী: ইশরাক হোসেন

যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেফতার

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’

নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিতর্ক: সভাপতিসহ ৫ নেতা বিবাহিত হওয়ার অভিযোগ

জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে—কাউকে মারেনি

সাদিক কায়েমের বাড়িতে হামলা, জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

সর্বাধিক পঠিত

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে : প্রতিমন্ত্রী

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটওয়ারীর

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের