ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (২২ নভেম্বর) সকাল ৬টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ সময় নেতাদের বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকারও সমালোচনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা।
ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার লেখেন, ‘আজ রাত তিনটার পর নিষিদ্ধঘোষিত আওয়ামী ফ্যাসিস্টের দুষ্কৃতকারীরা ডাকসুর জনপ্রিয় ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে।
তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সব সীমা অতিক্রম করছে। তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও লেখেন, ‘জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতারও তীব্র নিন্দা জানাই।
আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতাদের লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার সতর্ক করেন যে অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।
পাশাপাশি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।







