চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় রাজনৈতিক দলত্যাগের বিরোধে আবু ইউসুফ ওরফে জীবন হত্যা মামলায় যুবদল নেতার ভাগনেসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তিরা সবাই যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর) নোয়াখালীর কমলনগর ও রামগতি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান বাদশা (২৫), মো. নাবিদ ওরফে শাহরিয়াজ আলম (২৪) ও রাপিদ ওরফে মুতাবিদ আলম (২৮)। তাদের সবার বাড়ি বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া এলাকায়।
গ্রেফতার তিনজনের মধ্যে মেহেদী হাসান নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের ভাগনে। এই মামলায় জিল্লুর রহমান জুয়েলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি। তাদের গ্রেপ্তারের পর বায়েজিদ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামীর কুঞ্জছায়া আবাসিক এলাকায় আবু ইউসুফ ওরফে জীবনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়।
নিহত জীবন পরিবারসহ বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি আইসক্রিম কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন।
র্যাব কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, “নিহত জীবন আগে অভিযুক্তদের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে রাজনীতি ছেড়ে পক্ষ পরিবর্তন করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এর জেরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২৮ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে এ মামলায় প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল ও তার কয়েকজন সহযোগীকেও গ্রেফতার করেছে র্যাব।







