- ঢাকার মোহাম্মদপুর থানার মারধরসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।
- মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের ইন্সপেক্টর বাহালুল খান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
- প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিনের বিষয়ে শুনানির দিন সোমবার রেখেছেন।
- এর আগে শনিবার রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
- মামলার বিবরণ থেকে জানা গেছে, এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে দীর্ঘদিন ক্যাপ্টেন ইমনের নামে সাইফুল ও জুয়েল সন্ত্রাসী চক্র অবৈধভাবে চাঁদা আদায়ের উদ্দেশ্যে বিভিন্নভাবে অনধিকার প্রবেশ, ক্ষতিসাধন ভাঙচুর, চাঁদাবাজি, চুরি, লুটতরাজ, অগ্নিসংযোগ, পেট্রোলবোমা হামলা, হত্যাচেষ্টা করে আসছিল। গত ৫ নভেম্বর মতিঝিল শাখা থেকে গ্রাহকের জরুরি পার্সেল ও ডাক ডকুমেন্টস নিয়ে গাড়ি হাজারীবাগ বেড়িবাঁধের উদ্দেশে রওনা করেন চালক রিমন মিয়া। সকাল সাড়ে ৯টার দিকে গাড়িটি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ২৪-২৬ জন নাশকতাকারী ১২-১৩টি মোটরসাইকেল এসে গাড়ির গতিরোধ করে। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে ইট, রড ও পাথর দিয়ে গাড়ির গ্লাস ভাঙতে থাকেন। তখন রিমন গাড়ি থেকে নিচে নামলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তিনি পালিয়ে চলে যান। পরবর্তী সময়ে সন্ত্রাসীরা গাড়িতে ককটেল ও পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। গাড়ির কেবিনসহ বডির ভেতর দাউদাউ করে জ্বলতে থাকে। এতে বিভিন্ন পণ্য সামগ্রী পুড়ে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।







