‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা। তার আরও শক্তি বাড়ুক।’—নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (১৫ নভেম্বর) দেয়া ঐ পোস্টের মন্তব্য ঘরে তিনি লিখেছেন, ‘অন্য কারও পোস্ট থেকে নেওয়া। পড়ে ভালো লেগেছে, তাই শেয়ার করেছি। আপনারাও চাইলে শেয়ার করতে পারেন।’ হাসনাতের এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক রম্য বা ব্যঙ্গাত্মক পোস্ট হিসেবে দেখছেন। নেটিজেনরা বলছেন গোপালগঞ্জ ইস্যুতে আইনশৃঙ্খলার চরম অবনতির বিষয়ে তিনি ব্যঙ্গ করে এমন কথা বলেছেন।
এদিকে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এসব কর্মসূচিকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।
এরই মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে রবিবার (১৫ নভেম্বর) বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যপাড়া বিশ্বাসবাড়ি এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বর্ণি বাজারে পৌঁছালে উপজেলা যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।
একই দিন রাত আটটার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোঁটা নিয়ে আরেকটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, এ সময় তারা সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। পাশাপাশি বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
পরে রাত ১০টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আরও একটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল, স্লোগান এবং লাঠিসোঁটা হাতে নেতাকর্মীদের চলাচলের দৃশ্য দেখা যায়। তবে ভিডিওগুলোর সব কটির ধারণের সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এসব ঘটনার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।
এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লেখা ব্যানার টানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানারও ভেঙে ফেলার ঘটনা ঘটেছে।
এদিকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করবেন।







