- কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি সরকার আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনি সমঝোতা এবং দলটির নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছে। এই ধরনের সমঝোতার মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
- আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এই কথা বলেন।
- ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন।
- আজিজুর রহমান আজাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সহস্রাধিক মানুষের প্রাণহানি ও অসংখ্য মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনি সমঝোতার কারণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
- তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বোমা বিস্ফোরণ, ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ ও অবরোধের মতো ঘটনা ঘটাচ্ছে। অথচ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে ছোট করে দেখিয়েছেন। তার বক্তব্যে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা লক্ষ্য করা গেছে বলেও মন্তব্য করেন তিনি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে আজাদ বলেন, এসব ঘটনাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে। ছাত্রদলকে বিদ্বেষের দৃষ্টিভঙ্গি পরিহার করে বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানান তিনি।
- ছাত্রশিবির কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবে না উল্লেখ করে আজাদ বলেন, সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সেই দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে।
- বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা, দলটির নেতাদের সংসদে পাঠানো, জামিন বাণিজ্য এবং বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগও তোলেন তিনি।
- আজাদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আবার তাদের সঙ্গে সমঝোতা করা দ্বিমুখী রাজনীতি। ভুল সংশোধনের সুযোগ এখনো রয়েছে। রাষ্ট্রীয় কাঠামোর দলীয়করণ বন্ধ, বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
- বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরাজিত গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যারা শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সংবিধান নিয়ে বারবার কথা না বলে নিজের দায়িত্ব পালন করুন।
- সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে কার্যক্রম চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের চোখে পড়লেও সরকারের নজরে আসছে না বলে ।
- তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের রায় দিয়েছে। স্বৈরাচারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা জনগণ মেনে নেবে না।







