ডা. তাসনিম জারার বিরুদ্ধে মানিক পশারীর পক্ষ নেওয়া এবং তাঁর বিষয়ে বারবার বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন কুলসুম খাতুন। একই সঙ্গে মানিক পশারীর ঘটনা নিয়ে মন্তব্য করার আগে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন কুলসুম খাতুন।
পোস্টে ডা. তাসনিম জারাকে উদ্দেশ করে কুলসুম খাতুন লেখেন, ‘আপু, আপনাকে অনেক পছন্দ করতাম। আপনাকে আইডল মনে করতাম। কিন্তু এখন আর ভাবতে পারছি না। মানিক পশারীর বিষয়টি নিয়ে আপনি বারবার ডিফেন্ড করছেন।’
তিনি আরও দাবি করেন, মানিক পশারীর পরিবারের সদস্যরাই বলেছেন, গ্রামের মানুষ তাঁকে দাফন করতে আসেননি। অন্যদিকে, সাঈদী হুজুরকে দাফন করতে আওয়ামী লীগ বাধা দিয়েছিল বলে উল্লেখ করে কুলসুম খাতুন বলেন, বাধা সত্ত্বেও পরে সেখানে শত শত মানুষ উপস্থিত হয়েছিলেন।
পোস্টে তিনি আরও লেখেন, ‘৬৭ জন মানুষকে সেখানে নাই করে দিয়েছে। ওই মানুষগুলোর তো ফ্যামিলি আছে।’ এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ন্যায়বিচার পেয়েছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
কুলসুম খাতুনের দাবি, ডা. তাসনিম জারার মতো পরিচিত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে লিখলে তা সংবাদমাধ্যমেও গুরুত্ব পায়। তাঁদের বক্তব্যের কারণে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মানিক পশারীর এলাকার সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত নন উল্লেখ করে কুলসুম খাতুন প্রশ্ন তোলেন, তাহলে এলাকার অন্য মানুষজন কেন সেখানে উপস্থিত হননি। একই সঙ্গে কোনো বিষয়ে মন্তব্য করার আগে সব তথ্য জেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে কুলসুম খাতুন লেখেন, ‘নতুন বাংলাদেশে আমরা শত্রুর সঙ্গেও ইনসাফ করতে চাই।’







