চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে। জাতীয় দল তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারছেন না। এবার ডি থ্রি ট্রফিতেও নিজ ক্যাটাগরিতে দল পেলেন না তানজিম হাসান সাকিব। তার নাম না ডেকেই শেষ করা হয়েছে এই রাউন্ড। সিলেটের এই পেস বোলিং অলরাউন্ডার ছিলেন 'বি' ক্যাটাগরিতে। তবে নিলামের শেষদিকে আবারও ডাকা হবে।
'বি' ক্যাটাগরি থেকে ১ কোটি ২ লাখ পয়েন্টে সাব্বির রহমান গিয়েছেন ফরচুনে। সাব্বির রহমানের সমান ১ কোটি ২ লাখ পয়েন্টে আব্দুল গাফফার সাকলাইন ও মাহিদুল ইসলাম অঙ্কন একমিতে নাম লিখিয়েছেন। সাদমান ইসলাম অনিক সেভেন রিংস সিমেন্ট ও হাসান মুরাদ সিটিজেনস ব্যাংকে নাম লিখিয়েছেন ৪৫ লাখ পয়েন্টে। আফিফ হোসেন ধ্রুব ৯৯ লাখ পয়েন্টে ব্লুস্টারে। নাঈম হাসান ৩০ লাখ ও আলিস আল ইসলাম ৪৮ লাখে একমিতে। মার্শাল আইয়ুব ৩৬ লাখে ওয়ালটনে। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ৬৯ লাখে ফরচুনে নাম লিখিয়েছেন।
তানভির ইসলাম ৭২ লাখে ফরচুনে, জাকির হাসান ৯৯ লাখে সেভেন রিংস সিমেন্টে, মোহাম্মদ রুবেল ১ কোটি ১৪ লাখে একমিতে, ইবাদত হোসেন চৌধুরী ৭২ লাখে সেভেন রিংস সিমেন্টে নাম লিখিয়েছেন। শামীম পাটোয়ারিকে ৯৩ লাখে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। অমিত হাসান ৪২ লাখে একমি, মাহমুদুল হাসান জয় ৮৭ লাখে ব্লুস্টার, ইয়াসির আলী ৮৭ লাখে সিটিজেনস ব্যাংক, পারভেজ হোসেন ইমন ১ কোটি ২৩ লাখে একমি, নাসুম আহমেদ ৬৯ লাখে ওয়ালটনে নাম লিখিয়েছেন। এছাড়া রাকিবুল হাসান ৮৪ লাখে একমি ও মোহাম্মদ মিঠুন ৬৯ লাখে সেভেন রিংস সিমেন্টে নাম লিখিয়েছেন। ৬৬ লাখে একমিতে শাহাদাত হোসেন দিপু।
এর আগে 'এ' ক্যাটাগরি থেকে শরিফুল ইসলামকে সিটিজেনস ব্যাংক ২ কোটি ৩০ লাখ পয়েন্টে এবং ওয়ালটন তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনে নেয়। অন্যান্যদের মধ্যে চড়া দর উঠেছে শান্ত-জাকের, হাসান-সাইফদের।
সাইফ হাসানকে ১.৯৫ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। হাসান মাহমুদকে একই খরচে নিয়েছে ব্লুস্টার। নাহিদ রানাকে ব্লু স্টার কিনেছে ৭৫ লাখ পয়েন্টে। মুমিনুল হক ৮০ লাখে ওয়ালটনে। আর লিটন দাস ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে মুমিনুলের সতীর্থ হয়েছেন।
'এ' ক্যাটাগরি থেকে তাসকিনের আগে সবচেয়ে বেশি পয়েন্ট উঠেছে তামিমের। তার দর উঠেছে ২ কোটি পয়েন্ট। এর আগে শান্তকে ফরচুন কিনেছে ১.৫৫ কোটি পয়েন্টে। অন্যান্যদের মধ্যে রিশাদ হোসেন ৬০ লাখ পয়েন্টে ফরচুনেই জায়গা পান, যিনি থাকবেন না টি-টোয়েন্টি টুর্নামেন্টে; সে সময় খেলবেন বিগ ব্যাশ। এছাড়া ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। সবার আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে কিনে নেয় ব্লু স্টার।
ডি থ্রি টুর্নামেন্টের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান ২৭৫ জন ক্রিকেটার। এর মধ্যে 'এ' ক্যাটাগরিতে ২২ জন, 'বি' ক্যাটাগরিতে ২৫ জন, 'সি' ক্যাটাগরিতে ৭০ জন, 'ডি' ক্যাটাগরিতে ৫২ জন এবং 'ই' ক্যাটাগরিতে ১১২ ক্রিকেটার।
৬ জন আইকন ক্রিকেটারের দল নিশ্চিত হয় আগেই। মোসাদ্দেক হোসেন সৈকত একমির, নাঈম শেখ সিটিজেন্স ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট, নুরুল হাসান সোহান ব্লু স্টার, তাওহীদ হৃদয় ফরচুন এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের আইকন ক্রিকেটার।







