রাজশাহীর গোদাগাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি না দেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
এদিকে, জামায়াতের রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তার নির্বাচনি এলাকায় এ মাহফিল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি তিনি বুকে ব্যথা নিয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন।
এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, কোরআনের মাহফিল বন্ধের এই প্রবণতা থেকে সরে না হলে এর ফল সরকারকে ভোগ করতে হবে। প্রশাসনের এই পদক্ষেপ বিগত সরকারের আচরণের মতোই বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার বিকেলে গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের মৌখিক নির্দেশনার কারণে আয়োজকেরা প্যান্ডেলের মালামাল ফেরত পাঠাতে বাধ্য হন এবং অতিথিদের আসার জন্য বারণ করে দেন।
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা মাহফিলের অনুমতি প্রত্যাখ্যানের আইনি ভিত্তি ও প্রশাসনের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি লেখেন, প্রশাসনের কাছে আমার সরাসরি প্রশ্ন—কোন আইনি ও সুনির্দিষ্ট কারণে একটি ধর্মীয় মাহফিলের অনুমতি প্রত্যাখ্যান করা হলো? নিরাপত্তার কোনো বাস্তব উদ্বেগ থাকলে তা যথাযথভাবে ব্যাখ্যা করা হোক। একই সঙ্গে তিনি ধর্মীয় আলোচনা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার সুযোগ সবার জন্য সমান রাখার আহ্বান জানান।







