বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে ও পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, মানুষের সেবা করছেন। মাত্র তো ৮ মাস। পাঁচ বছরে এই দেশ কোথায় যাবে, কত উপরে উঠবে, দেখবেন ইনশাআল্লাহ।”
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক ছাত্রনেতা ও জাতীয় বীর সাইফুল আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “অতীতের মতো ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। অতীতেও বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের পতনে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজপথে বিজয় ছিনিয়ে এনেছে।”
তিনি আরও বলেন, “৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রসমাজের আপসহীন নেতৃত্বের মুখে স্বৈরশাসকরা পদত্যাগে বাধ্য হয়েছিল।”
এসময় তিনি আরও বলেন, “২৪ সালের পরাজিত শক্তিগুলো এক হয়ে কৃত্রিম উপায়ে আন্দোলন শুরু করার চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলন কখনো জনগণ গ্রহণ করবে না। জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে ও পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। কাজ করছেন, মানুষের সেবা করছেন। একজন সাধারণ মানুষের মতো চলছেন। ট্রাফিক সিগন্যাল পড়লে তিনি থেমে যান। তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণ তার পাশে আছে। অতএব, মাত্র তো ৮ মাস।পাঁচ বছরে এই দেশ কোথায় যাবে, কত উপরে উঠবে, দেখবেন ইনশাআল্লাহ।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “হুংকার দিচ্ছে ২৪-এর পরাজিত শক্তিরা আসবেন, কোথায় আসবেন? ইতিহাস বলে, শুধু বাংলাদেশ নয়, কোনো পলাতক ফ্যাসিস্ট যে একবার দেশ ছেড়ে পালিয়ে যায়, সে কোনো দিন সে দেশে আর ফিরে আসতে পারে না।”
উৎসব ও অন্যান্য সামাজিক কার্যক্রম প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, “মুসলমানদের যেমন সবচেয়ে বড় উৎসব ঈদ, ঠিক হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে আগামী পরশু থেকে। প্রধানমন্ত্রী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী , বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে আহ্বান জানিয়ে বলেছে, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের পাশে থাকতে। তারা যেন সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাই সহযোগিতা করতে।”
তিনি বলেন, “বাংলাদেশের বিপদ ও ক্রান্তিকালে সব সময় পাশে দাঁড়িয়েছে জিয়া পরিবার। জনগণ যে বিশ্বাস ও আস্থা নিয়ে তারেক রহমানকে ভোট দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার।”







