নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান যাদুর উপস্থিতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় ছাত্র-জনতা।
সভায় তাঁর উপস্থিতির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা ও জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
আজ বুধবার সকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন মোস্তাফিজার রহমান যাদু, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজার রহমান যাদু ২০২৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর উপস্থিতির বিষয়টি সামনে আসার পর এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ বলেন, এটি নিয়মবহির্ভূত এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা আমার জানা নেই।







