ভোলা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি এবং ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চাকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রদল। সংগঠনটির সভাপতি দাবি করেন, তারা ক্যাম্পাস সাংবাদিকদের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করেননি।
আজ মঙ্গলবার সাংবাদিকদের সাথে বক্তব্যে এ কথা জানান জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।
জানা গেছে, সম্প্রতি ভোলা সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের একই দিনের কর্মসূচি এবং প্রশাসনিক অনুমতি সংক্রান্ত সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন তোলে ছাত্রদল।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল জানান, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী। ভোলা সরকারি কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা তাদের পেশাগত কার্যক্রমে ছাত্রদলের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা হয়নি। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি হয়েছে, আমরা স্পষ্ট করে বলছি—ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যমকর্মীদের প্রতি আমাদের সম্মান রয়েছে এবং সংবাদ সংগ্রহের স্বাধীনতায় হস্তক্ষেপের কোনো প্রশ্নই আসে না।"
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ভোলা সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ এবং একই দিনে ছাত্রদলের প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উভয় সংগঠনের অনুমতি বাতিল করে কলেজ প্রশাসন। সেই সংবাদের জের ধরেই ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে নিজেদের বক্তব্য স্পষ্ট করল জেলা ছাত্রদল।







