চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসুর সপ্তম ক্যাবিনেটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, দুই উপ-উপাচার্য, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিবসহ চাকসু ও হল ছাত্র সংসদের নেতারা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমরা চাকসুকে কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি, বরং সহযোগী হিসেবে বিবেচনা করেছি। গত এক বছর শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে খাবার, আবাসন ও যাতায়াতসহ বিভিন্ন বিষয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক মতভেদ ও মতপার্থক্য থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে আমরা এই অ্যাম্বুলেন্স উপহার দিয়েছি। আশা করি, এটি শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। শিক্ষার্থীদের কল্যাণে চাকসুর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’







