রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য আগামীকাল ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডানপাশ), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলাকাগুলোয় উল্লিখিত সময়কালে বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও সিএনজিশ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।







