‘অননুমোদিত’ দুই গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দুটি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে গুরুতর অসঙ্গতি দেখা দেয়ায় অধিকতর যাচাইয়ের স্বার্থে প্রতিষ্ঠানটির মোট চারটি ওয়্যারহাউসই সিলগালা করেছে কর্তৃপক্ষ। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল মাত্র দুইটি। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তারা অনুমোদিত সীমার বাইরে গিয়ে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করে রেখেছিল। মূলত অনুমোদিত পরিসরের বাইরে গিয়ে অতিরিক্ত আরও দুইটি অননুমোদিত ওয়্যারহাউসে আইনবহির্ভূতভাবে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
বিশেষ করে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি/বন্ডেড) পণ্য যেন অননুমোদিত স্থান থেকে স্থানান্তর বা অপসারণ করা না যায় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব হয়- সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করার সিদ্ধান্ত নেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে বর্তমানে বিস্তারিত তদন্ত ও গভীর যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী অগ্রগতি তথ্যপ্রমাণ সাপেক্ষে তুলে ধরা হবে।
নিউ গিনি প্রোপার্টিজ এলাকায় হামলার ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়ার দায়ের করা জমি দখল ও পূর্বশত্রুতার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যেই গত বুধবার সালমান মুক্তাদিরের ব্যক্তিগত সব ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর পরদিনই তার শ্বশুরের প্রতিষ্ঠানের অবৈধ ওয়্যারহাউসে যৌথ বাহিনীর এই বড় ধরনের অভিযান পরিচালিত হলো।







