‘নতুন স্বপ্নের কথা বললে আমাদের বেয়াদব তকমা দেওয়া হয়। শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ হতে রাজি নই’—বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ওরা আমাদের দিনেদুপুরে ভয় দেখায়। ভবিষ্যতে কী হব, টাকা না কামালে কী হবে—এমন প্রশ্ন করা হয়। বহু টাকাওয়ালা ও সম্পদশালী মানুষ আমরা দেখেছি।’
তিনি আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলেন, একটি হলো ভারতের দালাল আওয়ামী লীগ, বর্তমানে যার কার্যক্রম নিষিদ্ধ। আরেকটি হলো মানুষের পকেট কেটে নেওয়া চাঁদাবাজ বিএনপি। এই দুই দল বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে।
এ ছাড়াও বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। পাশাপাশি তিনি তৈল ও গ্যাসসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি লায়ন এ.এম. মুন্না চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন— কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগরের সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব, কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব জোবাইরুল আলম মানিক, যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফাত ইব্রাহিম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তৌহিদুল ইসলাম সাঈদ প্রমুখ।







