শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাদের নতুন সিনেমা ‘মহব্বত’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পোস্টারও।
‘মহব্বত’সিনেমার পোস্টারে দেখা গেছে, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন এক নারী। পুরুষটির হাতে আগ্নেয়াস্ত্র এবং পরনে কালো লম্বা কোট। তবে পোস্টারে ওই নারী চরিত্রে কে অভিনয় করছেন, তা জানানো হয়নি।
সিনেমার নাম ঘোষণার পর থেকেই শাকিবের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। গুঞ্জন উঠেছে, ভারতীয় অভিনেত্রীর পর এবার পাকিস্তানের জনপ্রিয় কোনো নায়িকাকে দেখা যেতে পারে শাকিবের বিপরীতে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ‘মহব্বত’সিনেমার নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও চলছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে বলে সূত্র জানিয়েছে।
তবে এখনো কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। এ বিষয়ে নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানও আপাতত কিছু বলতে চাইছেন না। তারা জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে ‘মহব্বত’সিনেমার নায়িকার নাম ঘোষণা করা হবে।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ ও আরশাদ আদনানের এটি তৃতীয় সিনেমা। এর আগে তাদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর নির্মিত হয় ‘রাজকুমার’। এবার এই জুটি নিয়ে আসছেন ‘মহব্বত’।
তবে শাকিবের বিপরীতে শেষ পর্যন্ত পাকিস্তান, ভারত নাকি দেশীয় কোনো অভিনেত্রীকে দেখা যাবে-এখন সেই ঘোষণার অপেক্ষায় দর্শক।







