ভারতসহ বিশ্বের নানা দেশের সাথে তাল মিলিয়ে সৌদি আরবেও মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। এরই মধ্যে দেশটির নানা সিনেপ্লেক্সে এ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে রাষ্ট্রধর্ম ইসলামের দেশে হিন্দু ধর্মের মহাকাব্য নিয়ে নির্মিত সিনেমার প্রোস্টার।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, সৌদির রাস্তায় শোভা পাচ্ছে ‘রামায়ণ : ১’র প্রচারণামূলক পোস্টার। হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণের চরিত্রগুলো নিয়ে তৈরি এসব পোস্টার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিনেমাটির মুক্তির আগে সৌদি আরবে পোস্টারগুলো প্রদর্শিত হওয়ার বিষয়টি নজরে আসে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। দেশটির প্রকাশ্য স্থানে হিন্দু ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট ছবি প্রদর্শন নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। আবার অনেকে বিষয়টিকে ভারতীয় সিনেমার আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে দেখছেন।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ একটি বড় বাজেটের দুই পর্বের চলচ্চিত্র প্রকল্প। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ।







