ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোন প্রেক্ষাপটে জিন্নাহর ছবি ডাকসু সংগ্রহশালায় রাখা হয়েছে, তা না জেনে ভাঙচুর চালানো ‘অগ্রহণযোগ্য’।
পোস্টে তিনি লেখেন, ‘জিন্নাহর জন্ম না হলে পাকিস্তানের জন্ম হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না।’
তিনি আরও দাবি করেন, ‘আর কিছু না হোক, মোহাম্মদ আলী জিন্নাহ অন্তত এই বঙ্গের মানুষদেরকে মাথায় টুপি পরা আর গরু খাওয়ার স্বাধীনতা দিয়ে গেছে।’
জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, ‘কোন প্রেক্ষাপটের ছবি ডাকসু সংগ্রহশালায় দেওয়া হয়েছে, তা না জেনেই ভাঙচুর চালানো অগ্রহণযোগ্য।’
তিনি দাবি করেন, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরতেই ডাকসু সংগ্রহশালাটি তৈরি করা হয়েছে। তার ভাষায়, ‘যারা ইতিহাসকে স্বীকার করে না, তারাই এটা করতে পারে।’
এর আগে ডাকসু সংগ্রহশালায় হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তার অভিযোগ, সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুর করা হয়েছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দেন বলেও তিনি দাবি করেন।
তবে এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।







