ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ক্যালিগ্রাফি, আর্ট ও জুলাই গ্রাফিতি কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ডাকসু প্রাঙ্গণের নির্ভীক জুলাই চত্বরে এ আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজনের অংশ হিসেবে নির্ভীক জুলাই চত্বরে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি, চিত্রকর্ম ও জুলাই গ্রাফিতি প্রদর্শন করা হচ্ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পচর্চাকে তুলে ধরার পাশাপাশি জুলাইয়ের বিভিন্ন ঘটনা, স্মৃতি ও আন্দোলনের চিত্রও এসব শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে।
ডাকসু প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের পাশাপাশি শিল্প ও সংস্কৃতিতে আগ্রহী দর্শনার্থীরাও ঘুরে দেখছেন বিভিন্ন শিল্পকর্ম। প্রদর্শনীস্থলে অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি বিভিন্ন চিত্রকর্ম ও গ্রাফিতি প্রদর্শন করছেন।
আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন চলবে। আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পপ্রেমীদের প্রদর্শনীতে এসে শিল্পকর্মগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ডাকসুর এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং জুলাইয়ের স্মৃতি ও চেতনা শিল্পের মাধ্যমে তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।







