রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, রাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবিতে গত ৪ নভেম্বর রাবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল। স্মারকলিপিতে ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের জন্য আল্টিমেটাম দেওয়া হয়।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় রাবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী চার দিনের চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হচ্ছে।
রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট দাবি জানিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, আগামী ১৬ নভেম্বরের মধ্যে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। পাশাপাশি নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বান এবং সিনেটের কার্যক্রম সচল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে রাকসুর সাবেক জিএস ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন আম্মার বলেন, রাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই বলে তাঁরা মনে করছেন। এখন শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে সিন্ডিকেটের অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি নেই, যার কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। ডাকসু নির্বাচনের মতো পরিস্থিতিও এখানে নেই। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অত্যন্ত শান্ত ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তাই এই পরিবেশ বজায় থাকতেই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে চান তাঁরা। কোনো ধরনের ‘যদি-কিন্তু’ ছাড়াই রাকসু নির্বাচন দিতে হবে।
সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা রাকসু নির্বাচন আদায়ের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান।







