দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান প্রস্তুতি এবং শিল্পখাতের সঙ্গে বাস্তব সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬’। আজ (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্কিল জবসের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘স্কিল ইজ দ্য ফিউচার’।
তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করা, শিল্পখাতের চাহিদা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়া এবং দক্ষতাভিত্তিক পেশাজীবন গঠনে সহায়তা করাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের সিইও, হিউম্যান রিসোর্স বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন। তারা তরুণদের জন্য বাস্তবমুখী দিকনির্দেশনা দেন।
এতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের সিইও ও এইচআর লিডাররা এবং বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবীরা।
সম্মেলনে বিভিন্ন আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিলো- কি-নোট সেশন ও ক্যারিয়ার টক, মাস্টারক্লাস ও লিডারশিপ সেশন, ‘মিট দ্য লিডারস’ শীর্ষক বিশেষ এইচআর লিডার প্যানেল আলোচনা, সিভি কালেকশন ও মক ইন্টারভিউয়ের সুযোগ, কর্পোরেট গেমিং, ম্যাজিক শো এবং নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গাইডেন্স কার্যক্রম। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব কর্মজীবনের প্রস্তুতি, নেতৃত্ব দক্ষতা এবং শিল্পখাতের প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
প্রায় ৪০০ জন নির্বাচিত অংশগ্রহণকারী এ আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন। তারা বিশেষ পেশাজীবন অভিজ্ঞতা সুবিধার মাধ্যমে প্রশিক্ষণ, সনদ, যোগাযোগ বিস্তার এবং পেশাজীবন উন্নয়নের সুযোগ গ্রহণ করতে পারবেন।







