সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু দাবি করেছেন, বর্তমান সরকারের ছয় মাসের সময়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা অন্তত ৬০০ জনকে ধর্ষণ করেছে এবং ৬০০-এর বেশি মাদ্রাসা ও অন্যান্য পুরুষকে বলাৎকার করেছে। এসব ঘটনার প্রমাণও তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
আজ বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আবু জাহিদ ডাবলু বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এই ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ করেছে। এটা প্রমাণিত। ৬০০-এর অধিক মাদ্রাসা ও অন্যান্য পুরুষকে বলাৎকার করেছে এই জামায়াতে ইসলামী। এটা সত্য। আমার কাছে ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা চিরস্মরণীয়। স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তাতে নারীদের অংশগ্রহণ ও ত্যাগ অনন্য।
তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাকে বুকে ধারণ করে আগামী দিনেও সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।
এ ছাড়া বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, শ্যামনগর উপজেলা সভাপতি ঝর্ণা খাতুন, তালা উপজেলা সভাপতি মেহেরুননেছা মিনি, আশাশুনি উপজেলা সভাপতি কামরুন নাহার কোচি ও দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন।







