জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ভোলায় আনন্দ মিছিল করেছেন তার নির্বাচনী এলাকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে ভোলার লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে লালমোহন চৌরাস্তায় দিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল।
এসময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি লালমোহন ও তজুমদ্দিনের গণমানুষের নেতা মেজর (অব.) হাফিজ আহমেদকে জাতীয় সংসদের স্পিকার বানিয়েছেন। এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের।
দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ (শুক্রবার) বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমের জন্য নির্দেশ দেওয়া হলো।’
কেন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন করলেন, এটি নিশ্চয়ই আপনাদের (সাংবাদিক) জানার কৌতূহল রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, তিনি (রাষ্ট্রপতি) লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।







