‘আমরা ভেনেজুয়েলা নই, আমরা ইরান, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তুরস্কের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি এসব কথা বলেন।
আব্বাস আরাগচির দাবি, ইসরাইল ভেবেছিল স্বল্প সময়ের হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে। তবে বাস্তবে তা হয়নি।
ইরানের ভেতর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণেই ইসরাইলি হামলা চালানো সম্ভব হয়েছে বলে অভিযোগ করেন আরাগচি। তিনি বলেন, এসব হামলার পেছনে নিরাপত্তাজনিত দুর্বলতা থাকতে পারে, যা এখনো পুরোপুরি দূর করা যায়নি।
তিনি আরো দাবি করেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানতেন যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে উপস্থিত থাকেন।
আরাগচি জানান, সর্বোচ্চ নেতার ওপর হামলা হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়েই করা হয়েছে।
তিনি বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা যাচাই করতেই ইরান আলোচনায় অংশ নিয়েছিল এবং পুনরায় আলোচনা শুরু করা হবে কি না, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’
সূত্র: ইন্ডিয়া টুডে







