ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র–সংক্রান্ত বাণিজ্যে সহায়তার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (মঙ্গরবার) এই নিষেধাজ্ঞার আওতায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি, এই ধরনের বাণিজ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছে। খবর বার্তা সংস্থা এপি।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভেনেজুয়েলার একটি কোম্পানি ও এর চেয়ারম্যান। তাদের বিরুদ্ধে ইরান থেকে ড্রোন কেনার অভিযোগ রয়েছে। এ ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত থাকার অভিযোগে তিনজন ইরানি নাগরিকের নামও তালিকাভুক্ত করা হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সঙ্গে সংশ্লিষ্ট ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরভাবে পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। এই ধরনের অস্ত্র ও সামরিক বাণিজ্য ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।







