স্পেনের পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার মাইকেল ওয়েন। তার মতে, বর্তমান ফর্ম, খেলার মান এবং পুরো টুর্নামেন্টে পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে রয়েছে স্পেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না। আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত আসার পথে কিছুটা ভাগ্যবান ছিল। কেপ ভার্দের বিপক্ষে তারা কঠিন পরীক্ষায় পড়েছিল, মিশরের বিপক্ষেও ভুগেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতেছে। আমার মনে হয়, ওরা আমাদের হারিয়ে নয়, বরং আমরা নিজেরাই ম্যাচটা হাতছাড়া করেছি। পুরো টুর্নামেন্টে তাদের খুব একটা দারুণ মনে হয়নি।’
অন্যদিকে স্পেনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড, ‘স্পেন সত্যিই দুর্দান্ত খেলছে। ফ্রান্সের বিপক্ষে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। এত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে তারা খেলেছে, সেটি ছিল বিশ্বমানের ফুটবল।’
ইংল্যান্ডের কোচের সিদ্ধান্তেরও সমালোচনা করেন ওয়েন। টুখেলের খেলার ধরন নিয়ে বলেন, ‘ম্যানেজারও ভুল করেছেন। তিনি আক্রমণভাগের খেলোয়াড়দের তুলে নিয়ে তিনজন ডিফেন্ডার নামিয়েছেন। এতে পুরো উদ্যোগটাই আর্জেন্টিনার হাতে তুলে দেওয়া হয়েছে।’







