পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
এবারের টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা এবং পাবনা পৌরসভার একটি দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পাবনা সদর উপজেলা দলকে ৩–১ গোলে হারিয়ে ঈশ্বরদী উপজেলা দল টানা দ্বিতীয়বারের মতো পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা নিজেদের করে নেয়।
খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।







