চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার গভীর রাত দেড়টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। রাতের দিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।
অন্যদিকে, আটকের ঘটনার পরপরই খাইরুল ইসলাম সজীবকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।







