গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামের এক যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বোনারপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া।
গুরুতর আহত রিপন মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া এসে বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বলেন, তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্রুত প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় হাতল ধরে তিনি দাঁড়িয়ে ছিলেন। অবসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনের নিচে পা দুটি কাটা পড়ে বলে জানান তিনি।







