ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি করেছেন ব্রাজিলের সমর্থকরা। র্যালির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল ভক্তদের শুভেচ্ছা জানিয়ে কোমল পানীয় ‘সেভেন আপ’ বিতরণ করেন।
শুক্রবার (৬ জুন) বিকেলে রাঙামাটি শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের ব্রাজিল সেতু (আসমবস্তি সেতু), ভেদভেদী, বনরুপা ও রিজার্ভবাজার এলাকা ঘুরে আবার শহিদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রাজুড়ে সমর্থকদের কণ্ঠে ধ্বনিত হয় ব্রাজিল দলের পক্ষে নানা স্লোগান। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে তারা বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনা করেন।
এদিন ব্রাজিল সমর্থকদের র্যালিটি যখন শহরের কাঁঠালতলী অবস্থান নেয়, তখন আর্জেন্টিনার সমর্থকরা তাদের অভিবাদন জানিয়ে হাতে ধরিয়ে দেন কোমল পানীয় ‘সেভেন আপ’। তখন উভয় দলের সমর্থকদের হাস্যরস ও সৌহার্দ্য বিনিময় করতে দেখা গেছে। কেউবা নিজ থেকেই চেয়ে নিয়েছেন কোমল পানীয় সেভেন আপ।
ব্রাজিলের সমর্থক মো. রুবেল হাসান বলেন, হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের দেশের মানুষের হৃদয়ে ব্রাজিলের নাম সঞ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।
ব্রাজিল সমর্থক মো. ইব্রাহিম বলেন, এ পর্যন্ত ৫টি বিশ্বকাপ ব্রাজিল জয় লাভ করে। এবার পুরো দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে। আমার মনে হচ্ছে এবার ব্রাজিল জিতবে। আমরা ব্রাজিল সমর্থকরা ৫টি স্টার মার্ক করা জার্সি পড়ে খেলা দেখবো। আমি আশা করি আসছে বিশ্বকাপে ৬টি স্টার মার্ক করা জার্সি পড়তে পারবো।
আর্জেন্টিনা সমর্থক মো. ওমর ফারুক বলেন, ব্রাজিলের সমর্থকরা র্যালি করে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই তাদের জন্য কোমল পানীয় ‘সেভেন আপ’ দিয়ে অভিবাদন জানিয়েছি।
র্যালিতে অংশ নেয়া ব্রাজিল সমর্থকদের মধ্যে সিনিয়র সদস্য মো. আয়মান হাসান বলেন, খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এ আয়োজন। এ ছাড়াও বিশ্বকাপে প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখার ব্যবস্থা করবো আমরা।







