হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় মনিরুজ্জামান খান ফারুক (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ফারুক মোটরসাইকেলযোগে মিরপুরে নিজ বাসায় ফিরছিলেন। পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।







