চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে।আজ রবিবার উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে ধূমপান করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। বিষয়টি নজরে এলে কলেজ প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। প্রতিবছর এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।’
তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী প্রতিষ্ঠানের নির্দেশ অমান্য করে ধূমপান করেছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।







