শনিবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে জনমনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৫ বলে জানিয়েছে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়। কম গভীরতার কারণে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে কম্পন বেশি অনুভূত হয়।
লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন টের পান স্থানীয়রা। ভূমিকম্পের পর অনেকে আতঙ্কে ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।







